বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও টিকেছিলেন, অতপর...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন।গত ২৫ জুলাই বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করে বিদায় নিয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংকন। মেধাবী ওই শিক্ষার্থী বিদেশি উচ্চ শিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নিয়েছেন বলে জানান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা।
শুক্রবার (৩১ জুলাই) রাজশাহী সদরে নিজ বাসায় রাত আনুমানিক সাড়ে ১০টায় আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন তার বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।
নিহতের বাবা বলেন, ‘রাত ৯ টার দিকে এক সঙ্গে খাবার খাইলাম। কিছুই বুঝতে পারিনি। ১ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করে পরপারে চলে গেলেন। সৎকার আগামীকাল বিকাল ৩ টার দিকে করানো হবে। তার লাইফ তো বিশ্ববিদ্যালয়ে কেটেছে, বিস্তারিত জানলে বন্ধুবান্ধবরা জানবেন।’
বিভাগের সহপাঠীরা জানান, দুইদিন আগেই ক্যাম্পাসে ছিলেন তিনি। বিদায় নেওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিবে বুঝতে পারিনি। তবে বেশ কয়েকমাস আগে থেকে তাকে একটু ডিপ্রেশড মনে হতো।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, ‘আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে নিশ্চিত করেন। সে খুব মেধাবী ছাত্র ছিল। তাঁর অকাল মৃত্যুতে বিভাগ শোকাভিভূত। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য আমার সঙ্গে পরামর্শ নিতে আসছিল সে। পড়াশোনায় আগ্রহ ছিল তার।’
জানা গেছে বার কাউন্সিল পরীক্ষায় প্রিলি তে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। আগামী ২২ আগষ্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ।