২৯ জুলাই ২০২৬, ১৬:১৩

বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন দেখছি—ছাত্রশক্তির বিক্ষোভে নেতারা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।  © টিডিসি ফটো

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ সমাবেশে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি ববি শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের পর আমরা দায়বদ্ধতা ও জনকল্যাণের রাজনীতির কথা বলে এসেছি। কিন্তু বিএনপি সেই রাজনীতি থেকে সরে গেছে। তাদের কর্মকাণ্ডে আমরা আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন দেখতে পাচ্ছি।’

বিক্ষোভ সমাবেশে জাতীয় ছাত্রশক্তির ববি শাখার মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াহিদুর রহমান ও ইমরান আল আমিন, সদস্য সচিব রাশেদুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব জুয়েল আলিম রেজা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ববি শাখার প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমেদ এবং দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য এনসিপি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে।