২৭ জুলাই ২০২৬, ১৬:১৯

ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলে ইন্ধনের অভিযোগে ইবির বৈছা’আ আহ্বায়ককে শোকজ

এস এম সুইট  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রত্যক্ষ ইন্ধনের অভিযোগে সংগঠনটির শাখা আহবায়ক ও এনসিপি সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এই শোকজ নোটিশ দেওয়া হয়। 

এতে বলা হয়, গত ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (কুষ্টিয়া) জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত আলোচনা সভা চলাকালে এক অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে উক্ত গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে আপনার প্রত্যক্ষ ইন্ধন ও জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত শৃঙ্খলা ভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের সামনেই হট্টগোল করেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অনুষ্ঠানের একপর্যায়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাস স্পর্শর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের পদবঞ্চিতদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি করে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।