ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফটওয়্যার এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ইএমএস পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের প্রিন্ট কপি ১৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এরপর ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আবেদন যাচাই ও ডাটা নিশ্চয়ন করবে। আর ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত কলেজগুলো সোনালী সেবার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২৫ সালের রেজিস্ট্রেশন করা প্রাইভেট শিক্ষার্থীরা। এ ছাড়া ২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী ফরম পূরণের সুযোগ পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফরম পূরণ, বিষয় নির্বাচন এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ইএমএস পোর্টাল ও সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।