জবির ট্রেজারার পদে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জকসুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ রবিবার (২৬ জুলাই) জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এনে নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত বহু অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের বাস্তব চাহিদা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত। ফলে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে মনে করে সংগঠনটি।
আরো বলা হয়, নিজস্ব প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকদের উপেক্ষা করে বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও নিজস্ব শিক্ষকদের প্রতি আস্থার প্রশ্ন তৈরি করবে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।
জকসু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ট্রেজারার পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই দাবি উপেক্ষা করে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলে তা শিক্ষার্থীদের মতামত ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে অবমূল্যায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জকসু।