অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
সাইবার অপরাধ মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সময়োপযোগী জ্ঞান অর্জনের লক্ষ্যে দেশের সব অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে আয়োজিত ‘ স্ট্যায়িং সেফ অনলাইন: প্রটেক্ট ইউরসেলফ ফ্রম সিবেরক্রিমস’ শীর্ষক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই অনুষ্ঠানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধনও করেন তিনি।
উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাও তত বেশি বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। বিশেষ করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।
ড. আমানুল্লাহ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাইবার সচেতনতা-বিষয়ক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হলে সাইবার নিরাপত্তার কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকার, অচেনা লিংক বা বার্তায় সাড়া না দেওয়ার, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের এবং দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালুর আহ্বান জানান। তিনি বলেন, একটি সচেতন প্রজন্মই সাইবার অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম, পিপিএম।
এ সময় স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।