ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই সহকারী প্রক্টর নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) জারি করা এক অফিস আদেশে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব প্রদান করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমানকে ২৫ জুলাই হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টর জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আস্থা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সহযোগিতা চাই।’