ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ইবি অধ্যাপক নুরুল ইসলাম
ঢাকাস্থ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম। একই বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. রুহুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলামকে ২৩ জুলাই (২০২৬) থেকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বিধি মোতাবেক তিনি সকল প্রকার দায়িত্ব ভাতাদি প্রাপ্য হবেন।
জানা গেছে, অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলামকে চাকরির বিধিমালা অনুযায়ী লিয়েন চুক্তিতে আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত করা হয়েছে এবং পরবর্তীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদ পান তিনি।
সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আর যারা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি যেন এই দায়িত্ব সফল ও সুন্দরভাবে পালন করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’