বেরোবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. আবু হানিফ সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া, যেটি আগে হবে, ততদিন তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগকালীন সময়ে তিনি ট্রেজারার পদের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ট্রেজারারের নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।