২৩ জুলাই ২০২৬, ১৪:১১

জাবির ওষুধ কাণ্ডে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওষুধের মজুদে গরমিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. নূর-এ-কামালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জাবি মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, সত্যতা নির্ধারণ ও দায়ীদের শনাক্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রথম অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ’-এর ১০। ক। (২) ধারা অনুযায়ী ২৩ জুলাই পূর্বাহ্ন হতে মো. নূর-এ-কামালকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসেবে তার সর্বশেষ মূল বেতনের অর্ধেক পাবেন এবং তদর্থক সাহায্যসহ অন্যান্য সব ভাতা সম্পূর্ণ পাবেন বলে জানানো হয়।

অপর এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ‘কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ’-এর ৫। ক। (১) ধারা অনুযায়ী চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে সভাপতি এবং কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব আলাউদ্দিন মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। গঠিত এই কমিটিকে আগামী ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।