বেরোবির ওয়েবসাইটে নেই শিক্ষকদের গবেষণা-প্রকাশনার তথ্য
তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র, প্রকাশনা, ই-মেইল, যোগাযোগের তথ্য ও চলমান গবেষণার মতো গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত রয়েছে। এতে একাডেমিক ও গবেষণার কাজে ভোগান্তির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও অনেকেই এখনো প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করেননি।
শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শুধু প্রশাসনিক তথ্যের মাধ্যম নয়; এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার ডিজিটাল পরিচয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা প্রথমেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। কিন্তু বেরোবির ওয়েবসাইটে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, বিভিন্ন বিভাগের শিক্ষক প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র, প্রকাশনা, ই-মেইল, যোগাযোগের তথ্য কিংবা চলমান গবেষণার মতো গুরুত্বপূর্ণ তথ্য নেই। কয়েকটি বিভাগের কিছু শিক্ষকের প্রোফাইলে ব্যক্তিগত ছবিও সংযুক্ত করা হয়নি। অনেক প্রোফাইল দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক বা গবেষণার প্রয়োজনে কোনো শিক্ষকের বিষয়ে তথ্য জানতে গিয়ে তারা সমস্যায় পড়েন। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের গবেষণার আগ্রহ, প্রকাশনা বা যোগাযোগের কোনো তথ্যই পাওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মালেক বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই তার ডিজিটাল পরিচয় বহন করে। কিন্তু বেরোবির ওয়েবসাইটে অনেক শিক্ষক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেই। গবেষণার কাজে কিংবা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গিয়ে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের পূর্ণাঙ্গ প্রোফাইল, গবেষণা, প্রকাশনা, গুগল স্কলার এবং যোগাযোগের তথ্য পাওয়া যায়। বেরোবির ওয়েবসাইটে অনেক ক্ষেত্রেই এসব তথ্য অনুপস্থিত।
শুধু তথ্যের ঘাটতিই নয়, ওয়েবসাইটের কার্যকারিতা নিয়েও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আবার কখনো সার্ভার সমস্যার কারণে ওয়েবসাইট খোলেই না। এতে ভর্তি, ফলাফল, নোটিশ, টেন্ডার, একাডেমিক ক্যালেন্ডার ও বিভিন্ন প্রশাসনিক তথ্য সংগ্রহে ভোগান্তি পোহাতে হয়।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদ ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক প্রোফাইল, গবেষণা, প্রকাশনা, চলমান প্রকল্প এবং প্রশাসনিক তথ্য নিয়মিত হালনাগাদ থাকলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেমন উন্নত হয়, তেমনি আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগও বাড়ে।
শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উদাহরণ দিয়ে বলেন, সেখানে শিক্ষকদের প্রোফাইল তুলনামূলকভাবে বিস্তারিত ও নিয়মিত হালনাগাদ করা হয়। বেরোবিতেও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব ওয়েবসাইট গড়ে তোলার দাবি জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (শাখা প্রধান) মো. বেলাল হোসেন বলেন, ‘বর্তমান ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার কারণে মাঝে মাঝে প্রবেশে সমস্যা হয়। শিক্ষকদের নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করার জন্য আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তারা নিজেরাই প্রকাশনা, গবেষণা ও অন্যান্য তথ্য আপডেট করতে পারবেন। যেহেতু এসব তথ্য ব্যক্তিগত ও সংবেদনশীল, তাই তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য সংযোজনের ব্যবস্থা রাখা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। ডিনস কমিটির সভাতেও এটি এসেছে। শিক্ষকদের সব তথ্য আপলোডের জন্য ওয়েবসাইটে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এখন তারা যদি তথ্য আপলোড না করেন, তাহলে প্রশাসনের করার মতো খুব বেশি কিছু থাকে না।’