আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরাঞ্চলের নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ বিশ্ববিদ্যালয়। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন।
জানা যায়, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর পায়রা অবমুক্তি, বেলুন ওড়ানো এবং উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কমপিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হবে। পরে কেক কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হবে।
ক্যাম্পাসের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে শুরু হবে নবীনবরণ ও উদ্বোধনী আলোচনা সভা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের পর নওগাঁর ঐতিহ্যের প্রতীক আম গাছের চারা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, শিক্ষা কার্যক্রমের এই আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।