১৫ জুলাই ২০২৬, ২০:৩৮

র‍্যাগিংয়ের পরিবর্তে মাভাবিপ্রবিতে ‘গ্রুমিং প্রোগ্রাম’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুন পরিবেশ, নিয়ম-কানুন ও ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরুতে অনেকেরই কিছুটা অসুবিধা হয়। অনেকে শিকার হন র‍্যাগিংয়ের। এ বাস্তবতাকে সামনে রেখে র‍্যাগিংয়ের বিকল্প হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ ‘গ্রুমিং প্রোগ্রাম’ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এই গ্রুমিং প্রোগ্রাম শুরু হবে আগামী ১৮ জুলাই। চার দিনব্যাপী এই প্রোগ্রাম চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শহীদুল ইসলাম জানান, এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আগামী চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের করণীয়, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, সিনিয়র-জুনিয়র যোগাযোগ, কার্যকর পড়াশোনার কৌশল, আবাসন, শিষ্টাচার এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পেয়ে একটি সুন্দর ও সফল বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তুলতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেক নেটিজেন এটিকে র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।