সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
টাঙ্গাইল থেকে ময়মনসিংহে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানা যায়, গতকাল সোমবার মামাতো বোনের বিয়ের দাওয়াত শেষে টাঙ্গাইল হতে ময়মনসিংহ আসার পথে সাগরদিঘি নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন জাহিদ। পরে তার মৃত্যু হয়।
জাহিদের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। জাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, জাহিদ হাসানের অকাল মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম। এ ধরনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জাহিদের সহপাঠী ও ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। গতকাল বিকেলেও ঘুরতে বের হওয়ার জন্য তাকে মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এই কথাই যে আমার বন্ধুর শেষ কথা হবে, কে জানতো! তার এমন মৃত্যুতে বিভাগের সবাই আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।