অতিবৃষ্টিতে ছাতা মাথায় অর্ধবার্ষিক পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার সময় অতিবৃষ্টির কারণে ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে ছাত্রীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষায় এমন চিত্র দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে বাধ্য হয়ে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম দিয়ে পরীক্ষার খাতায় লিখছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা পরীক্ষা চালিয়ে যেতে বাধ্য হয়।
স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষক-শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
নির্মাণাধীন একটি ভবনের কাজ ধীরগতিতে হওয়ায় এবং হস্তান্তর না হওয়ার কারণ সেখানেও বর্তমানে ক্লাস কিংবা পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।