ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ৯টায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় দেশের ৬৪৭টি কেন্দ্রে ১ হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের সর্বমোট ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে গড় উত্তীর্ণের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল দেখতে পারবেন।
এছাড়া, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।