১১ জুলাই ২০২৬, ২০:৪২

কবি নজরুল কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক

অধ্যাপক আব্দুর রাজ্জাক  © সংগৃহীত

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৭ জুলাই) অধ্যাপক আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে। তিনি নিজ গ্রামের কাটদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে পোড়াদহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়। সেখান থেকে ১৯৯৪ সালে স্নাতক এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল সম্পন্ন করেন। এ সময় তিনি বুয়েটে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে ১৯৯৭ সালে তিনি বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। বুয়েট থেকে এমফিল সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং সেখানে ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন তিনি ২২তম বিসিএস পদার্থ বিজ্ঞানে মেধাতালিকায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। 

পরবর্তীতে ২০০৩ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ২০০৫ সালে তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি হয়ে আসেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে বদলি হয়ে যান। পরবর্তীতে পুনরায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি হয়ে, ২০১৮ সালে পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক এবং ২০২৫ সালে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করে অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমার মূল লক্ষ্য হবে কলেজের একাডেমিক কার্যক্রমের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা। সরকার যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমি যেন সততার সঙ্গে তা পালন করতে পারি এটাই মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা।