শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ শিক্ষার্থী
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল হয়ে ৯ জন আবাসিক শিক্ষার্থী আটকা পড়েন। পরে সহপাঠীদের তাৎক্ষণিক উদ্যোগে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে হলটির সচল একমাত্র লিফটটি হঠাৎ বিকল হয়ে গেলে এ ঘটনা ঘটে। তবে একই ধরনের ঘটনা বারবার ঘটায় হল প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মামুন হলে দুটি লিফট থাকলেও একটি দীর্ঘদিন ধরে অচল। অন্য লিফটটিও প্রায়ই বিকল হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার হলের শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবি পেশ করেন। দাবির দ্বিতীয় দফায় হলের দুটি লিফট দ্রুত মেরামতের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এ বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের ভাষ্য, সময়মতো ব্যবস্থা নিলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো।
লিফটে আটকে পড়া শিক্ষার্থী দিদার বলেন, ‘লিফটটি হঠাৎ নিচের দিকে নেমে গেলে আমি ভেবেছিলাম, হয়তো আজ আমাদের শেষ দিন।’
এ বিষয়ে হলের সহকারী তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ আল নূর বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে লিফট মেরামতের কথা থাকলেও এখনো কাজটি সম্পন্ন হয়নি। তবে কলেজ প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকেই হলের দুটি লিফট মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’