০৮ জুলাই ২০২৬, ২২:০০

হলে সিট দখল ও ছাত্রদল নেতার মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ঢাকা কলেজ  © সংগৃহীত

ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসে ছাত্রদল নেতার সিট দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মারধর, মব সৃষ্টি এবং ক্যাম্পাসে রাতভর উত্তেজনার অনভিপ্রেত ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এ বিষয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তদন্ত কমিটি কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। 

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আরশাদ হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জুন রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়টি তদন্তের জন্য ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির কাজের সুবিধার্থে লিখিত তথ্য-উপাত্ত ভিডিও ক্লিপ ইত্যাদি দিয়ে সহায়তা করার জন্য ছাত্রদেরকে আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা হতে সাড়ে ১২টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আরশাদ হোসেন চৌধুরী, অধ্যাপক, রসায়ন বিভাগের দ্বিতীয় তলায় (রুম নং-৩০) এ ছাত্রদের লিখিত বক্তব্য জমা নেওয়া হবে এবং উক্ত সময়ে তাদের সাক্ষাৎকারও নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুন মধ্যরাতে ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের ৩০৩ নং কক্ষে অবৈধভাবে একটি সিট দখল করে রাখার প্রতিবাদকে কেন্দ্র করে ছাত্রদল ‍নেতা পারভেজ মোশাররফের নেতৃত্বে একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশক্তির দুই নেতাসহ মোট চারজনকে মারধর অভিযোগ ওঠে। 

এ ঘটনায় ক্যাম্পাসে সংবাদ করে ছাত্রশক্তির নেতারা। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন কলেজ প্রশাসন।