নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে টিজিং ও ভিডিও ধারণ করায় ৪ বহিরাগত আটক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের টিজিং ও ভিডিও ধারণ করায় চার বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৮ জুলাই) রাতে নতুন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ শেষে কয়েকজন নারী শিক্ষার্থী হলে ফিরছিলেন। এ সময় বহিরাগত কয়েকজন যুবক অটোতে করে যাওয়ার সময় সেই নারী শিক্ষার্থীদের ইঙ্গিত করে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে ও ভিডিও ধারণও করে। বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের নজরে এলে তারা দ্রুত ধাওয়া করে চারজনকে আটক করেন।
পরবর্তী সময়ে আটক চারজনকে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মধ্য রাতে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন, ‘ঘটনাটি আমার সামনেই ঘটেছে। আমার বিশ্ববিদ্যালয়ের বোনেরা খেলা দেখে হলে ফিরছিলেন। হঠাৎ দেখি অটোতে করে যাওয়া কয়েকজন বহিরাগত তাদের টিজ করছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে অটোরিকশাটি থামাই এবং তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।’
তবে আটক হওয়া ব্যক্তিদের দাবি, যে ব্যক্তি ভিডিও ধারণ করছিলো, সে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আটক হওয়া চারজনের কেউই ভিডিও ধারণা করেননি।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু বলেন, আটক ব্যক্তিরা সবাই অল্প বয়সী। তারা যে অপরাধ করেছে, এটা কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। তবে তারা অঙ্গীকার করেছে এ ধরনের অপরাধ আর করবে না। পরে তাদের অভিভাবকসহ সবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।