০৬ জুলাই ২০২৬, ১২:৫৭

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিট প্রকল্পের আওতায় ক্যাম্পাসের আটটি আবাসিক হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ অন্যরা।

আয়োজকরা জানান, হিট প্রজেক্টের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি রুমে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এই প্রজেক্টের দুটি মেইন ফাংশন আছে। প্যাসিভ ডিভাইসগুলো স্থাপনের কাজগুলো অপটিমা টেকনোলজিস লিমিটেড করছে এবং একাজের দ্বিতীয় পর্যায়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজের সূচনা হচ্ছে আজ। এখন দুটি অংশের কাজ ই সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ যতটুকু শেষ হবে, ততটুকুতে অ্যাকটিভ ডিভাইসও সচল করে দেওয়া হবে।

উদ্বোধন শেষে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণকে অনেক বেশি সমৃদ্ধ করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’