প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ কাল, পরীক্ষার তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে আগামী ৯ জুলাই ২০২৬ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কলেজগুলোকে ইএমএস সফটওয়্যার থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিল ও স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রবেশপত্র বিতরণের সময় পরীক্ষার্থীর ছবির সঙ্গে তার চেহারা মিলিয়ে দেখা এবং রেজিস্ট্রেশন ও রোল নম্বর সঠিক রয়েছে কি না তা যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে প্রকাশের তিন দিনের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করে তা সংশোধন করতে হবে।
আরও পড়ুন: প্রাথমিকে যোগদান নিয়ে ছিলেন হতাশায়, গভীর রাতে রেললাইনে পাওয়া গেল ঢাবি ছাত্রের লাশ
এ ছাড়া পরীক্ষার রোল বিবরণী ও হাজিরা শিটও ইএমএস সফটওয়্যারের কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষকে ems.nu.ac.bd-এর College Login (Admin) অপশনে প্রবেশ করে 4301–Preliminary to Masters-2023 পরীক্ষার কোড নির্বাচন করে প্রবেশপত্র, হাজিরা শিট ও রোল বিবরণী ডাউনলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।