২৫ জুন ২০২৬, ১৩:১১

নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণের পাশাপাশি জনসাধারণকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলতে অনুরোধ করেন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।

এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক স্বপ্না পাপুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ‘দেশজুড়ে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করছি এবং মানুষকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ দেশের পর্যটন বিকাশের অন্যতম পূর্বশর্ত। তাই এ কার্যক্রমের মাধ্যমে শুধু পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া নয়, বরং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ তৈরিরও চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে পর্যটন সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলা এবং পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পরিবেশ সচেতনতা ও পরিবেশ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা। দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ রক্ষা, পর্যটনস্থলগুলো পরিচ্ছন্ন রাখা এবং টেকসই পর্যটন উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ তুলে দিতে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘পর্যটনকে নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যে পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেছে, তা সত্যিই সময়োপযোগী উদ্যোগ। আমাদের অসচেতনতার কারণেই অনেক পর্যটনকেন্দ্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে থাকা সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়ছে এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামো নষ্ট হচ্ছে। ফলে পর্যটনের দীর্ঘমেয়াদি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। টেকসই পর্যটনের ধারণাকে বাস্তবায়ন করতে হলে শুধু সরকার বা সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়। এর পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’