বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ ইবি উপাচার্যের
শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষায় দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে জাপানিজ এক প্রতিনিধির সাথে একটি সভা হয়েছে যেখানে এখানকার শিক্ষার্থী যারা দুই বছরের ক্রেডিট সম্পন্ন করে জাপানে বাকি দুই বছরের ক্রেডিট সম্পূর্ণ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ চলছে।
বুধবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর এন্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের নবীনদের শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বিদেশী বিশ্ববিদ্যালয়ের চিত্র সরাসরি উপস্থাপন করা গেলে তোমরা বুঝতে পারতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং তার পরিবেশটা কেমন থাকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে দেশীয় ও আন্তর্জাতিক সংযোগ গুলো আরও ত্বরান্বিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আগামী ডিসেম্বরে আমরা আন্তর্জাতিক একটা কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছি, সেখানে বিদেশ থেকে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে অংশগ্রহণ করবে।
এ ছাড়া বিদেশের ন্যায় এই বিশ্ববিদ্যালয়েও আমরা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির সমন্বয় সম্পন্ন করব। কারণ বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো কিছুটা পিছিয়ে আছে এবং সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন কাজ করবে এবং খুব দ্রুতই শিক্ষার্থীরা এর সুফল পাবে।
এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার আহবান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের গতিকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য আগামী ২৮ তারিখ একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রাণের ক্যাম্পাসটিকে কতটা পরিষ্কার পরিচ্ছন রাখা যায়, সেই মর্মেও আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমি আশা করি তুমি যে কক্ষে বসবাস করো, তোমার যে বাড়ির আঙ্গিনা, এটি পরিচ্ছন্ন রাখতে নিশ্চয়ই তোমার একটা দায়িত্ব আছে। শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে যাতে একজন স্বয়ংসম্পূর্ণ এবং যুগোপযোগী যোগ্য, দক্ষ একজন মানুষ হিসেবে সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব পরিমণ্ডলে নিজেকে উপস্থাপন করতে পারো সেই পথ গুলো আমরা প্রদর্শন করব।
বিভাগীয় সভাপতি মৌসুমী আক্তার মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
এ ছাড়া বিভাগের খণ্ডকালীন শিক্ষক রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।