২২ জুন ২০২৬, ১৫:৪৩

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে  © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ (জিএসটি) পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুলাই থেকে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এর আগে ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার কোর কমিটি।

সোমবার (২২ জুন) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

তিনি জানান, গতকালও একটি সভা করে তৃতীয় মেরিট দেওয়া হয়েছে। এ ছাড়া এই মাসের ২৮ তারিখ থেকে আগামী মাসের ৫ তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করা হবে। এ ছাড়া আগামী ১৫ জুলাই থেকে এই ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা জানান ইবি উপাচার্য। ইবিতে ভর্তি ক্ষেত্রে একেকজন শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগ, ডিন অফিস, আবাসিক হলসহ বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়ে থাকে। এ ছাড়া টাকা জমাদানে অটোমেশন পদ্ধতি না থাকায় ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে থেকে ফি জমা দিতে গিয়েও ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে এবারের চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীদের এসব ভোগান্তির অবসান হবে বলে জানিয়েছেন ইবি উপাচার্য।

অধ্যাপক মতিনুর রহমান বলেন, ‘চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা সহজ করার জন্য আমরা কয়েকটা সেল করেছি। যেখানে প্রতিটি অনুষদের ডিন, তার সাথে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং হল প্রভোস্টরা থাকবেন যারা ভর্তি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে কাজ করবেন। তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকবেন এবং সেখানেই তাদের সব কার্যক্রম সম্পন্ন হবে যাতে এই শিক্ষার্থীদের হল এবং বিভাগগুলোয় বারবার দৌড়াদৌড়ি করতে না হয়। শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের হয়রানি হতে না হয়, সে বিষয়টি আমলে নিয়েই প্রশাসন কাজ করছে।’