মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।
সোমবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব আবেদনকারী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন অথবা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করিয়েছেন, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
তবে যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিলিজ স্লিপে আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনের Masters (Regular) Login-এ প্রবেশ করে প্রাথমিক আবেদনের রোল নম্বর ও পিন ব্যবহার করতে হবে। আবেদনকারীরা সর্বোচ্চ তিনটি কলেজে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রিলিজ স্লিপের আবেদন ফরম ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। তবে এ ফরম কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। এছাড়া রিলিজ স্লিপের আবেদন কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।