১৫ জুন ২০২৬, ১৯:১১

অনার্সে ভর্তিতে বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা প্রকাশ ১৭ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিথীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফল এবং কোটার মেধাতালিকা আগামী ১৭ জুন প্রকাশ করা হবে। একই সঙ্গে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়াও শুরু হবে।

সোমবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় এ-সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফল এবং কোটার মেধাতালিকা ১৭ জুন বিকেল ৪টায় প্রকাশ করা হবে। ফলাফল একই দিন বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Admission Test Result অপশনে দেখা যাবে।

ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে NU ATHN Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই ২২ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন না। তবে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হবে, তারা ১৭ থেকে ২৪ জুন পর্যন্ত পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না এবং এ জন্য কলেজ কর্তৃপক্ষের অনলাইন নিশ্চয়নেরও প্রয়োজন হবে না।

অন্যদিকে কোটার মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ১৭ থেকে ২৪ জুনের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। তাদের ১৮ থেকে ২৫ জুনের মধ্যে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৮ থেকে ২৭ জুন পর্যন্ত চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি মেনে সব ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।