এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
এমফিল ও পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষকদের মানসম্পন্ন প্রকাশনা ও বই প্রকাশের ক্ষেত্রে আর্থিকসহ যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
আজ রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের গবেষণা কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। “মেথোডোলজি, রাইটিং, পাবলিকেশন অ্যান্ড কোয়ালিটি ইম্প্রুভমেন্ট” শীর্ষক দিনব্যাপী এই গবেষণা কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
উদ্বোধনী বক্তব্যে মানসম্পন্ন গবেষণা ও গবেষণাপত্র প্রস্তুতের নানা কৌশল তুলে ধরে উপাচার্য প্রফেসর আমানুল্লাহ বলেন, “প্রকাশনার দিক থেকে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে বেশ নিচে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগের।” এই পরিস্থিতি উত্তরণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গবেষণা পদ্ধতি অনুসরণ, সহজবোধ্য ও নির্ভুল লেখার কৌশল আয়ত্ত করা এবং খ্যাতনামা বৈশ্বিক জার্নালে প্রকাশনার ওপর জোর দেন তিনি। গবেষণাপত্রের গুণগত মানোন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষকদের গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে অন্তত দুটি করে গবেষণা কর্মশালা আয়োজন করা প্রয়োজন।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
দিনব্যাপী এই কর্মশালায় মূল বক্তা (কিপার্সন) হিসেবে উপস্থিত থেকে মূল্যবান প্রবন্ধ ও কৌশল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. এম খুরশেদ আলম।
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এমফিল ও পিএইচডি গবেষকরা উপস্থিত ছিলেন।