ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের লম্বা ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলেছে আজ। শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিনে ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।
এদিকে গতকাল ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে তারা। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝালচত্বর, ক্যাফেটেরিয়া, বটতলা প্রাঙ্গণ সহ প্রতিটি একাডেমিক ভবন আজ শিক্ষার্থীদের কোলাহলপূর্ন। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এর আগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২১ মে থেকে ১২ জুন পর্যন্ত ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ছিল। ছুটির সময় আবাসিক হলগুলোও ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে হল প্রশাসন। বন্ধ শেষে গত ৭ জুন সকাল ১০ টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।