৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। তিন দিন পার হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ ব্যক্তির ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিন জানান, তাঁর বাবা বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ ও জ্ঞানীয় সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
তিনি বলেন, ‘আমার বাবা নিয়মিত ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যেতেন এবং সবসময় সঙ্গে একটি মোবাইল ফোন রাখতেন। কিন্তু নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।’
তৈমুর মবিন আরও জানান, বাবার সন্ধান পেতে গিয়ে তারা একাধিক প্রতারণার শিকার হয়েছেন। এক ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে কল ট্রেস করার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। পরে আরেকজন নিজেকে উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে জানান, আমার বাবাকে কুমিল্লার দাউদকান্দির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু পরে সেটিও মিথ্যা তথ্য বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ‘আমাদের কাছে একটি ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন উপায়ে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
জানা যায়, নিখোঁজ হওয়ার সময় মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি রয়েছে, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
কেউ তাঁর সন্ধান পেলে পরিবারের সদস্য তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮-৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।