জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার বিতরণ ছাত্রদল নেতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরিব, অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ভাবতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন তাঁর সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।’
রুমি আরও বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটি কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।’
তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
কর্মসূচির শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।