২৯ মে ২০২৬, ১৯:৪১

নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

আন্তর্জাতিক গবেষণা সূচক নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গবেষণা প্রকাশনা ও একাডেমিক অবদানের ভিত্তিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক গবেষণা সূচকে ১০ম এবং রসায়ন গবেষণায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

স্প্রিঞ্জার নেচার পরিচালিত গবেষণাভিত্তিক আন্তর্জাতিক সূচক অনুযায়ী, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের গবেষণা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। দেশের সরকারি, বেসরকারি ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অবদান মূল্যায়নের মাধ্যমে এ তালিকা প্রস্তুত করে সংস্থাটি।

প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান ৬ হাজার ৪৫তম। একাডেমিক গবেষণা মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩ হাজার ৬৯তম এবং রসায়ন গবেষণায় ২ হাজার ৬৫৩তম।

অন্যদিকে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিক সূচকে জবির অবস্থান ১৪তম। একাডেমিক গবেষণা মূল্যায়নে ১০ম এবং রসায়ন গবেষণায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নিরলস গবেষণা প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। ইতোমধ্যে আমরা র‍্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছি। সামগ্রিকভাবে গবেষণাকে আরও উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয়কে একটি সম্মানজনক আন্তর্জাতিক র‍্যাংকিং পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণায় ধারাবাহিক অগ্রগতি ধরে রাখতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।