এক শিক্ষকের গবেষণায় নেচার ইনডেক্স র্যাংকিংয়ে বড় লাফ নজরুল বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা ‘স্প্রিঞ্জার নেচার’ পরিচালিত বিশ্বখ্যাত গবেষণা সূচক ‘নেচার ইনডেক্স-২০২৬’ র্যাংকিংয়ে বাংলাদেশের ৬৮টি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্য গবেষণা সংস্থা ও বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মাঝে ২২তম অবস্থানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
র্যাংকিংয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি গবেষণাপত্রে সংশ্লিষ্টতা ছিল, যার মোট শেয়ার স্কোর ০.১৩। তিনটি গবেষণাপত্রের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খান।
আন্তর্জাতিক এ গবেষণা সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, নজরুল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অ্যাকাডেমিকে রয়েছে ১৭তম এবং স্বাস্থ্য বিজ্ঞানে রয়েছে ১৩তম স্থানে। এছাড়া বৈশ্বিকভাবে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক অবস্থান ৭২২১তম এবং একাডেমিক অবস্থান ৩৩৯৭তম।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মো. নুরুজ্জামান খান বলেন, ‘আমি এটিকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না; বরং এটি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বৃহত্তরভাবে বাংলাদেশের ক্রমবর্ধমান গবেষণা সক্ষমতার একটি ইতিবাচক প্রতিফলন বলে মনে করি। আমি আশা করি, এটি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় আরও আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবে।’
তিনি আরো বলেন, ‘নেচার ইনডেক্স মূলত ১৪৫টি অত্যন্ত প্রভাবশালী জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যার ভিত্তিতে তৈরি একটি সূচক। তাই এটি নির্দিষ্ট কিছু জার্নালে প্রকাশনার একটি প্রতিফলন মাত্র। এর বাইরেও আমাদের দেশের গবেষক, সহকর্মী ও শিক্ষার্থীরা আরও অনেক স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে নিয়মিত গবেষণা প্রকাশ করছেন এবং সেসব অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: প্রতি ৫ কিশোরের মধ্যে একজন এআই সঙ্গীর সঙ্গে রোমান্টিক সম্পর্কে ছড়াচ্ছে
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য নেচার ইনডেক্সে বাংলাদেশের মধ্যে ২২তম অবস্থান নিঃসন্দেহে গৌরবের ও আশাব্যঞ্জক অর্জন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এ অবস্থান বিশ্ববিদ্যালয়ের গবেষণার সম্ভাবনা ও শিক্ষকদের নিষ্ঠার প্রতিফলন।
তিনি বলেন, ‘গবেষণার জন্য আরও অনুকূল পরিবেশ, আধুনিক সুবিধা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারলে ভবিষ্যতে আরও ভালো অবস্থানে পৌঁছাবে, এটাই আমাদের প্রত্যাশা।’
নেচার ইনডেক্সে বাংলাদেশের তালিকায় এবার শীর্ষস্থান ধরে রেখেছে আইসিডিডিআর,বি। অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৪টি গবেষণা প্রবন্ধ এবং ১.০৬ শেয়ার স্কোর নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগিয়ে আছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও কঠোর মান নিয়ন্ত্রণসম্পন্ন বিজ্ঞানভিত্তিক ১৪৫টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে। যেখানে শুধু ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়কালের প্রকাশনাগুলো স্থান পেয়েছে।
নেচার ইনডেক্সে শুধু গবেষণাপত্রের সংখ্যা নয়, বরং সেটির প্রভাব বিবেচনায় নেয়া হয়। তাই উচ্চমানের ‘পিয়ার-রিভিউড’ গবেষণাকেই মূল্যায়ন করা হয় এখানে।