২৬ মে ২০২৬, ১০:৩৯

ঈদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুপুরে ছাত্রশিবির, রাতে নৈশভোজের আয়োজন করবে ছাত্রদল

ছাত্রশিবির ও ছাত্রদলের লোগো   © সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পৃথক নৈশভোজের আয়োজন করেছে দুই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঈদের দিন দুপুর ও রাতে আয়োজিত এসব কর্মসূচিতে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদের দিন দুপুর ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘ভ্রাতৃত্বের দস্তরখান’ শিরোনামে ভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এতে অংশ নিতে শিক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে নাম, মোবাইল নম্বর, বিভাগ ও ব্যাচ উল্লেখ করতে হবে।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ৮টায় ‘বিজয়-২৪’ হলের ডাইনিংয়ে ছেলেদের জন্য ‘সম্প্রীতির নৈশভোজ’ আয়োজন করেছে ছাত্রদল। পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ছাত্রীদের জন্য নিজ নিজ হলে পৃথক ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

উভয় সংগঠনের আয়োজনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘উভয় সংগঠনের নৈশভোজের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি তাদের এই নৈশভোজের মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। বাড়ি না যাওয়া হলে আমিও এই আয়োজনে যুক্ত হতে পারি বলে জানান তিনি।’

ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইত্তেসাফ-আর-রাফি বলেন, ‘ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আজহা। এই আনন্দ ও সৌহার্দ্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে “সম্প্রীতির নৈশভোজ”। ঈদের দিন বিজয়-২৪ হলের ডাইনিংয়ে এই আয়োজন করা হয়েছে। ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। এছাড়াও ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ হলে পৃথক ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এই আয়োজনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহার দিনে আপনাদের সম্মানে কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দুপুরে একটি ছোট্ট সৌহার্দ্যপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য উদার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দকে একসাথে ভাগাভাগি করে আরও বেশি অর্থবহ ও আনন্দময় করে তুলি।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কাগজে-কলমে নিষেধাজ্ঞা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে, এবং বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম চলমান রয়েছে।