জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড করা হয়েছে। জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানের প্রস্তাব ও উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজটি ভেরিফায়েড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নির্দেশক্রমে পেজটি আনুষ্ঠানিকভাবে ভেরিফায়েড করা হয়।
জানা যায়, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত জকসুর প্রথম সভায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড করার প্রস্তাব উত্থাপন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও আধুনিক, সমৃদ্ধ ও প্রফেশনাল করার বিষয়েও আলোচনা হয়।
আইটি ও একাডেমিক প্রস্তাবনায় বলা হয়, জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানের প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড করা এবং ওয়েবসাইটকে আরও আধুনিকায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জকসুর জন্য আলাদা ওয়েবসাইট, ইমেইল, টেলিফোন, প্যাড এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রাতিষ্ঠানিক ইমেইল চালুর বিষয়েও আইটি দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীরা বলছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ভেরিফায়েড হওয়া সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তথ্য আরও নির্ভরযোগ্যভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এবং ভুয়া পেজ বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঝুঁকি কমবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন, ‘ডিজিটাল যুগে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি তুলে ধরতে ভেরিফায়েড প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য ও কার্যক্রম আরও কার্যকরভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।’
এ বিষয়ে জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, ‘জকসুর প্রথম সভাতেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড করা এবং ওয়েবসাইটকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার প্রস্তাব দিয়েছিলাম। পরে উপাচার্য স্যার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। অবশেষে বিশ্ববিদ্যালয়ের পেজ ভেরিফায়েড হওয়ায় আমরা আনন্দিত।’