২২ মে ২০২৬, ২০:৫০

‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের’ সেবা নিয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো   © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে প্রদত্ত সকল সেবা গ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতা কিংবা বিদেশে অবস্থানের কারণে কোনো প্রার্থী নিজে উপস্থিত হতে না পারলে তার রক্তের সম্পর্কের আত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন অথবা আইনানুগ স্বামী/স্ত্রী প্রার্থীর অসুস্থতা বা বিদেশে অবস্থানের প্রমাণপত্র দাখিল করে সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সেবা গ্রহণের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো— সংশ্লিষ্ট দপ্তরের পে-স্লিপের কপি, আবেদনের হার্ড কপি, মূল সনদের ক্ষেত্রে সাময়িক সনদের মূল কপি, সংশোধনের ক্ষেত্রে ভুল ডকুমেন্টের মূল কপি, ডুপলিকেট বা দ্বিনকলের ক্ষেত্রে জিডি ও পত্রিকার কাটিং এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শনের জন্য ও ফটোকপি জমা দেওয়ার জন্য।