ক্লাসে উপস্থিতি ন্যূনতম ৩ মার্ক না পেলে ফরমপূরণ করতে পারবে না শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ইনকোর্স পরীক্ষা ও নম্বর প্রেরণ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স নম্বর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার নম্বর ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরমপূরণের জন্য যোগ্য বিবেচনা করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একজন পরীক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে। একইসঙ্গে দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের কম হলেও ওই শিক্ষার্থী ফরমপূরণ করতে পারবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরে গড় নম্বর তৈরি করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
এছাড়া ইনকোর্স নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য ফরমপূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।