ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা, জবি সিন্ডিকেটে সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১১তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হলে বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিস্টার কার্যক্রম, ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে অনেক ক্ষেত্রে সাময়িক বহিষ্কারের পরও শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের সময়কালজুড়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। সিন্ডিকেট সভায় গৃহীত এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার সংস্কৃতি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে সভায় অংশ নেন।