বাস ছাড়বে কাল সকাল ৮টায়, সিটের সিরিয়াল শুরু সন্ধ্যা ৭টা থেকে
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাড়ি ফেরা ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে ভিড় ও অপেক্ষা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস আগামীকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে গেলেও বাসে আসন নিশ্চিত করতে শিক্ষার্থীদের সিরিয়াল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টা থেকেই।
সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল এলাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক শিক্ষার্থী আগেভাগেই এসে সিরিয়াল ধরছেন, যাতে পছন্দের বাসে ও নির্দিষ্ট রুটে আসন নিশ্চিত করা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুটি করে বাস পরিচালনা করা হবে। খুলনা বিভাগের ‘পদ্মা’ বাসটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে। বরিশালের ‘তুরাগ’ বাসটি ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশালে যাবে।
রংপুর বিভাগের জন্য ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর ও গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অন্যদিকে ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছাবে।
রাজশাহীগামী ‘স্বপ্নচূড়া’ বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে। চট্টগ্রাম বিভাগের ‘গোমতি’ বাসটি কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। এছাড়া ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছাবে। সিলেট বিভাগের ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে যাবে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে পৌঁছাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাসে ওঠার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।