সোহরাওয়ার্দী কলেজে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা এবং আধুনিক বিজ্ঞানাগারের পাশাপাশি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে এ লক্ষ্যে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরিদর্শনে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ বুধবার (২০ মে) কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. কাকুলি মুখোপাধ্যায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মুহাম্মদ আল মাহমুদ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনন্যা সংগঠনের নেতৃত্বরা।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীদের স্মরণে কলেজের সামনে বা মূল সড়কে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। জুলাইয়ের স্মৃতি ও আন্দোলনের কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও বিগত ১৭ বছরে অবহেলার শিকার হয়েছে। তিনি কলেজ ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে বলেন, কোথাও ফাটল বা ক্ষতি হওয়ায় অস্থায়ী পিলার বসাতে হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।
কলেজের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে কলেজটিকে আরও উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জুলাই সনদের সঙ্গে বিএনপি যুক্ত ছিল এবং দলটি সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। তবে জুলাই আদেশ নিয়ে বিএনপির কিছু মতপার্থক্য রয়েছে, যা নির্বাচনের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
উল্লেখ্য, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ তাদের ব্যক্তিগত অর্থে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের জন্য প্রজেক্টর উপহার দিবেন বলেও প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসানে এবং ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ তাদের ব্যক্তিগত অর্থে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের জন্য প্রজেক্টর উপহার দিবেন বলেও প্রতিশ্রুতি দেন।