২০ মে ২০২৬, ১৪:২৮

ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু করছে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাস  © টিডিসি

‎আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি যাওয়া নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২২ মে (শুক্রবার) সকাল আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাতটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে পরিবহন পুলের বাস ছেড়ে যাবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুটি করে বাস পরিচালনা করা হবে।

খুলনা বিভাগের ‘পদ্মা’ বাসটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে। বরিশালের ‘তুরাগ’ বাসটি ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশালে যাবে।

রংপুর বিভাগের জন্য ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর ও গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অন্যদিকে ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছাবে।

রাজশাহীগামী ‘স্বপ্নচূড়া’ বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে। চট্টগ্রাম বিভাগের ‘গোমতি’ বাসটি কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। এ ছাড়া ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছাবে।

সিলেট বিভাগের ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে যাবে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে পৌঁছাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাসে ওঠার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। পাশাপাশি ড্রাইভার ও হেলপারদের নির্দেশনা মেনে শৃঙ্খলা বজায় রেখে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।