১৯ মে ২০২৬, ২১:৫৭

ঈদের ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয় 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিন ছুটি থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, বুধবার (২০ মে) থেকে আগামী (১১ জুন) বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়াও ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে চালু হবে একাডেমিক কার্যক্রম। অন্যদিকে ২০ মে (বুধবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ। এরপর ৭ জুন (রবিবার) থেকে পুনরায় দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবে। ছুটির সময়ে দায়িত্বে কোনো প্রকার অবহেলা পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলার বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ছুটির পরবর্তী প্রথম কর্মদিবসে স্ব স্ব বিভাগ ও দপ্তরের সকলের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করে কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে বলা হয়েছে।

তবে ​বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এই ছুটির মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপনের বিষয়ে নির্দেশনা রয়েছে। প্রথমত, নজরুল জন্ম-জয়ন্তী ২০২৬ এর অংশ হিসেবে আগামী ২৫ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। তবে নজরুল জন্ম-জয়ন্তীর মূল আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার পর আগামী ২৪ ও ২৫ শে জুন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ছুটি চলাকালীন সময়ে আগামী ৩ জুন 'বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে ক্যাম্পাসে সীমিত পরিসরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং মিষ্টি বিতরণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় দিবসের মূল আয়োজন এবং বিস্তারিত অনুষ্ঠানমালা ছুটির পর যথারীতি অনুষ্ঠিত হবে।