জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক, আবেদনের আহ্বান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাসভিত্তিক ৫৮ বিষয়ে মানসম্পন্ন পাঠ্যপুস্তক শিক্ষক, গবেষক ও বিষয় বিশেষজ্ঞদের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক রচনা” কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, প্রফেশনাল এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের আওতায় মোট ৫৮টি বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা করা হবে।
এ কার্যক্রমে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক, গবেষক এবং বিষয় বিশেষজ্ঞরা অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টিং, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তক লেখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া আইসিটি ও সংশ্লিষ্ট আইসিটি বিষয় সকল গ্রুপের জন্য বাধ্যতামূলক রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী আগ্রহী শিক্ষকগণকে আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ই-মেইল ঠিকানা হলো— pdnu1646@gmail.com।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. ফারুক আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত লেখকদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সম্মানী প্রদান করা হবে। এছাড়া বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।