জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ শীর্ষক এ উদ্যোগের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে পথিকৃৎ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হবে বলে আশা করা হচ্ছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে প্রতিবছর এ কর্মসূচির আওতায় সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
কর্মসূচি বাস্তবায়ন শেষে বিস্তারিত তথ্য, ছবি ও ভিডিও ক্লিপ আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ।