১৬ মে ২০২৬, ২২:০৫

আশ্বাসবাণী নয়, কাজের মধ্য দিয়ে প্রমাণ করবো : ইবির নবনিযুক্ত উপাচার্য 

শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় ইবির উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে আমি অনেক দিন কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা আমি কমবেশি জানি, যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়ের ই একজন শিক্ষক। নতুন কোনো আশ্বাসবাণী আমি দেবো না। আমি চেষ্টা করব কাজের মধ্য দিয়ে প্রমাণ করার। 

শনিবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। 

নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘কাজ কর‍তে গেলে বিভিন্ন বিষয় সামনে চলে আসে। কখনো আর্থিক একটু সমস্যা আছে, কখনো সংশ্লিষ্ট কমিটি ঠিকঠাক কাজ করেনি। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আশা করি আমাকে কেউ ভুল বুঝিয়ে, নিজস্ব বা গোষ্ঠীগত কোনো স্বার্থ চরিতার্থ করাতে পারবে না, এটুকু আমি ইনশাআল্লাহ বলতে পারি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি এমন একটা সময়ে যখন ওয়ান ইলেভেনের সংকটময় সময় চলছে। কাজ করতে গেলে সমালোচনা হবেই। কিন্তু সে কাজটি সাধারণ মানুষের জন্য বা শিক্ষার্থীর জন্য, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয়ের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে, সেটিই বিবেচনার বিষয়।’ 

এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের কথা জানান নবনিযুক্ত উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান। তিনি জানান, আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভ রয়েছে, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ রয়েছে। এই বিশ্ববিদ্যালয় যার হাত দিয়ে প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারও ভিত্তিপ্রস্তর স্থাপন এখানে রয়েছে। জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে এই বিশ্ববিদ্যালয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, হলের নামকরণ হয়েছে।  ইনশাল্লাহ আমাদের প্রধান ফটকের সামনের জায়গায় জুলাই শহীদদের উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটি কার্যকর হচ্ছে।’