১৩ মে ২০২৬, ১৫:৩৪

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান

এইচ এম মাহিন ও এইচ এম ইমরান হোসাইন  © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এশিয়া পোস্টের এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে স্টার নিউজের এইচ এম ইমরান হোসাইন জয়লাভ করেছেন।

মঙ্গলবার (১৩ মে) কলেজ ক্যাম্পাসে অবস্থিত সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে সাব্বির হোসেন (এটিএন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ (গ্লোবাল টেলিভিশন) ও সাংগঠনিক সম্পাদক পদে আল আমিন (মানবজমিন)।

সংগঠনের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাব্বি (এশিয়া পোস্ট), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান (আলোকিত বাংলাদেশ) এবং অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী (দৈনিক জনকণ্ঠ)। নির্বাচিত দুজন কার্যনির্বাহী সদস্য হলেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এবং পর্যবেক্ষক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনে প্রতি বছরই সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।