তিতুমীর কলেজে আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রী হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি উর্মি আক্তার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১০ মে) এক প্রেস রিলিজে তিনি এ ঘোষণা দেন। এর আগে, সুফিয়া কামাল হল ছাত্রদলের সভাপতি মিশকাত জান্নাত, সাংগঠনিক সম্পাদক নায়মা নাজনীন এবং দপ্তর সম্পাদক শিখাও কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সম্প্রতি হলে ছাত্ররাজনীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই একের পর এক নেত্রীর পদত্যাগের ঘটনায় তিতুমীর কলেজে ছাত্রদলের সংগঠনটি শৃঙ্খলা এবং নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
গত ৩ মে কলেজের তিনটি নারী হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর আবাসিক নারী শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এ ঘটনার জেরে কলেজ প্রশাসন তিন নারী শিক্ষার্থীর হলের সিট বাতিল করে। এ ঘটনায় গত মঙ্গলবার (৫ মে) রাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে হলের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন।
এবার সেই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন অপরাজিতা হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি উর্মি আক্তার। পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিজের জীবনকে গুছিয়ে নিতে চান তিনি। বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত উর্মি ভবিষ্যতে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, আমি চেয়েছিলাম রাজনীতিটা সুন্দর হবে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ বিষয়টিকে অনেক খারাপভাবে নেয়। আমি কখনো কোনো শোডাউন করিনি। তবে ওইদিন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর আমাকে নিয়ে অনেক অকথ্য মন্তব্য করা হয়েছে। আমার পরিবারও বিষয়গুলো দেখেছে। এগুলো আমাকে খুব বিরক্ত করেছে।’
উর্মি আরও বলেন, ‘এই ধরনের অশ্লীলতা ও নেতিবাচক পরিবেশের সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না। আমার কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই রাজনীতি থেকে দূরে থাকতে চাই।’