মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
রাজধানীর ইডেন মহিলা কলেজে মধ্যরাতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন শুরু হয়।
এ সময় শিক্ষার্থীদের 'ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না' এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা 'রাজনীতিমুক্ত ক্যাম্পাস' কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এর জের ধরেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে ছাত্রীরা হোস্টেল থেকে বের হয়ে আসেন। একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্রীরা কলেজের প্রধান ফটক ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত রয়েছে।
ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনরত ছাত্রীরা।
আন্দোলনরত ছাত্রীদের দাবি, ক্যাম্পাসকে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।