ইনকোর্স ও অ্যাসাইনমেন্ট ছাড়া ফরম ফিলাপ নয়, সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে নিয়মিত ও নট-প্রমোটেড শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট জমা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন না হলে শিক্ষার্থীরা পরীক্ষার ফরম ফিলাপ করতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ ইন-কোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রির সময় আগামী ১১ মে (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ইন-কোর্স পরীক্ষার প্রথম ও দ্বিতীয় উত্তরপত্র এবং নম্বরপত্র আগামী ২০ মে মধ্যে স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে অথবা অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স প্রথম বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর অফিসে প্রতিনিধির মাধ্যমে হাতে হাতে জমা দিতে হবে।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নট-প্রমোটেড (অকৃতকার্য) শিক্ষার্থীদের বিভাগে এসে দুটি রুটিনভিত্তিক ইন-কোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং বিভাগের নির্ধারিত বিষয়গুলোর ওপর অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স ও অ্যাসাইনমেন্টের নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোর্টালে সংযুক্ত না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম পরীক্ষার ফরম পূরণের Probable List-এ অন্তর্ভুক্ত হবে না। ফলে তারা ফরম ফিলাপের সুযোগ থেকে বঞ্চিত হবে।
এছাড়া পূর্বে ভুল এন্ট্রি করা ইনকোর্স নম্বরও বর্ধিত সময়ের মধ্যে সংশোধন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে দ্রুত বিভাগে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।