জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ মে ২০২৬ থেকে অনলাইনে ফরমপূরণ কার্যক্রম শুরু হয়ে ১১ জুন ২০২৬ পর্যন্ত চলবে।
সোমবার ( ৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রমোটেড (F গ্রেডপ্রাপ্ত) শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন যাচাই-বাছাই শেষে অনলাইনে নিশ্চয়ন সম্পন্ন করবে।
এছাড়া পরীক্ষার ফি ১৭ জুন থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে। ব্যবহারিক, ইনকোর্স ও কেন্দ্র ফি বাবদ নির্ধারিত হারে অর্থ পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন ফরম পূরণের সময় বিষয় কোডসহ সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই শিক্ষার্থীদের যথাযথ সতর্কতার সঙ্গে ফরমপূরণ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ (F) গ্রেড রেখেছে, তারা ২০২৫ সালের পরীক্ষায় সেই কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। তবে ফলাফল যাই হোক না কেন, কোনোভাবেই তারা বি (B) প্লাস গ্রেডের বেশি প্রাপ্য হবে না। সকল এফ (F) গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে অবশ্যই ন্যূনতম ডি (D) গ্রেডে উন্নীত করতে হবে।
এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়ে জানানো হয়েছে, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে (F) গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান করে শুধুমাত্র ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ করবে সে সকল পরীক্ষার্থী অনিয়মিত হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষায় অংশগ্রহণের করবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোন প্রয়োজন হবে না।’ তবে কোনো শিক্ষার্থী এই পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তীতে আর অংশগ্রহণের সুযোগ পাবে না এবং ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই।
সিলেবাস ও পাঠ্যসূচি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘নিয়মিত সকল বিষয়ের পরীক্ষা ০৪ (চার) বছর মেয়াদী অনার্স কোর্সের পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে।’ অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুসরণ করা হবে। ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে যারা সি-প্রমোটেড (C-Promoted) হয়েছেন, তাদের অনুপস্থিত পত্রে ২০২৫ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। গ্রেড উন্নয়নের ক্ষেত্রে বলা হয়েছে, যারা ২০২৪ সালের পরীক্ষায় প্রথমবার অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা সর্বোচ্চ দুটি কোর্সে সি (C) বা ডি (D) গ্রেড প্রাপ্ত পত্রে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে আবেদন ফরম সংগ্রহ করে নির্ধারিত ফি-সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে আবেদন ফরম Download করার সময় নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লেখিত বিষয়কোড (ব্যবহারিকসহ) পূরণ করতে হবে। বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।’
যদি আবেদন ফরমে কোনো ভুল হয়, তবে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তা বাতিল করে পুনরায় আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ফরম পূরণ করলে আবেদনপত্র বাতিল হবে এবং কোনো ভুল থাকলে প্রবেশপত্র ইস্যুর আগেই তা সংশোধন করে নিতে হবে। আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কলেজের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।